গাড়ি চেকিংয়ের সময় মোটর ভেহিকেলসের ইনসপেক্টরকে কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক
দি নিউজ লায়ন; গাড়ি চেকিংয়ের সময় মোটর ভেহিকেলসের ইনসপেক্টরকে কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম সুকুর মণ্ডল। বর্ধমান থানার নবাবহাটের দিঘিরপাড় এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, রবিবার দুপুরে শক্তিগড় চেকপোস্টে মোটর ভেহিকেলসের অফিসাররা ওভার লোডেড গাড়ি চেকিং করছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁরা আটকান। গাড়ির কাগজপত্র দেখতে চান তাঁরা। কিছুক্ষণের মধ্যেই সেখানে বাইকে চেপে হাজির হয় সুকুর।
সে গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। ফোন করে লোকজন জড়ো করার চেষ্টা করে সে। এমনকি মোটর ভেহিকেলসের অফিসারদের দেখে নেওয়ার হুমকি দেয় সে। তাকে আটকে রেখে পুলিসের হাতে তুলে দেন দপ্তরের অফিসাররা। পরে ঘটনার কথা জানিয়ে ইনসপেক্টর তন্ময় মুখোপাধ্যায় শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, ভীতি প্রদর্শন ও গালিগালাজের ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বৃহস্পতিবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

Post a Comment